চিতলমারীতে ‘মফিজ-মণি মেধাবৃত্তি’ চালু, বৃত্তি পেল পাঁচ শিক্ষার্থী
চিতলমারীতে ‘মফিজ-মণি মেধাবৃত্তি’ চালু, বৃত্তি পেল পাঁচ শিক্ষার্থী
চিতলমারী প্রতিনিধি:
চিতলমারী সরকারি এস. এম. মডেল উচ্চ বিদ্যালয়ে চালু হলো ‘মফিজ-মণি মেধাবৃত্তি’। শ্রদ্ধেয় বাবা-মা শেখ মফিজুল ইসলাম ও শামীম আক্তার চৌধুরী মণির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁদের সুযোগ্য সন্তান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. আসিফ ইশতিয়াকের উদ্যোগে এ বৃত্তি চালু করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দশম শ্রেণির টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই বিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। চিতলমারী সরকারি এস. এম. মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ আল-আমিন, সাইফুল ইসলাম ও গাজী তাসরিফ আহসান।
উল্লেখ্য, শেখ মফিজুল ইসলাম একজন সাবেক বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা। তিনি ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত চিতলমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তাঁর সহধর্মিণী শামীম আক্তার চৌধুরী মণি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। তাঁদের সন্তান ড. আসিফ ইশতিয়াক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান থেকে পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে Assistant Professor হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে থেকেও তিনি নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ও শেকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।
‘মফিজ-মণি মেধাবৃত্তি’র মূল লক্ষ্য হলো বিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করা। প্রতিবছর দশম শ্রেণির টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের পর পাঁচজন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ, অতিরিক্ত টিউশন এবং পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে সহায়তা করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ মফিজুল ইসলাম ও ড. আসিফ ইশতিয়াকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এ উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও কল্যাণকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার তাঁর বক্তব্যে এ মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, ডা. মুহাম্মদ আল-আমিন তাঁর বক্তব্যে শেখ মফিজুল ইসলাম ও শামীম আক্তার চৌধুরী মণির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতের অ্যালাননাই এসোসিয়েশনের পক্ষ থেকে এমন আরো মহৎ উদ্যোগ গ্রহণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, বাবা-মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের শিক্ষার পথে সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ‘মফিজ-মণি মেধাবৃত্তি’। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



