চরফ্যাশনে পল্লী বিদ্যুতের ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

চরফ্যাশনে পল্লী বিদ্যুতের ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন

23 May 2026, 11:03:36

চরফ্যাশনে পল্লী বিদ্যুতের ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দিন দিন বেড়েই চলেছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঘরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন এবং বিভিন্ন অফিস-আদালতের কার্যক্রমেও দেখা দিচ্ছে স্থবিরতা। অনেক এলাকায় রাতভর বিদ্যুৎ না থাকায় জনমনে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ ও হতাশা।
ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহের কারণে ফ্রিজ, কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরফ কল, মোবাইল সার্ভিসিং, ফটোকপি ও ইন্টারনেট ব্যবসাসহ ছোট ছোট প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, পরীক্ষার মৌসুমে এমন লোডশেডিং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাতে পড়াশোনা করা সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে হতাশা বাড়ছে।
এদিকে পল্লী বিদ্যুতের এমন দুরবস্থার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। অনেকেই দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: