চরফ্যাশনে দলীয় কোন্দল নিরসনে প্রশংসায় ভাসছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য
চরফ্যাশনে দলীয় কোন্দল নিরসনে প্রশংসায় ভাসছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘদিনের দলীয় বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রশংসায় ভাসছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো:নূরুল ইসলাম নয়ন।
জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে তাঁর সক্রিয় ভূমিকা দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
জানা গেছে, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে ভুল বোঝাবুঝি ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। বিষয়টি ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে থাকলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ও বিভক্তির পরিবেশ সৃষ্টি হয়।
এ অবস্থায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম নয়ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন। তিনি সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁর মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং নেতাকর্মীদের মধ্যে পুনরায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরে আসে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের বিরোধ মিটে যাওয়ায় দল এখন অনেক বেশি সুসংগঠিত অবস্থানে রয়েছে। তারা সংসদ সদস্যের বিচক্ষণতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই মনে করছেন, সময়োপযোগী এই উদ্যোগ না নিলে বিরোধ আরও বড় আকার ধারণ করতে পারত।
রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ধরে রাখতে এমন সমঝোতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপজেলা, ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল নিরসন দলকে আরও শক্তিশালী করবে বলেও তারা মনে করছেন।
এদিকে বিরোধ নিরসনের পর চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও ইতিবাচক সাড়া দেখা গেছে। দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: