গজারিয়ায় সিগারেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম

গজারিয়ায় সিগারেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

22 April 2026, 3:31:12

গজারিয়ায় সিগারেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
পাইকারি ডিলারদের বিরুদ্ধে চাহিদা অনুযায়ী সরবরাহ না দিয়ে বাজারে সংকট তৈরি করে মূল্য বাড়ানোর অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত দুই-তিন দিন ধরে বিভিন্ন কোম্পানির সিগারেট প্রতি শলাকা ২ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

খুচরা বিক্রেতারা জানান, কোম্পানির অনুমোদিত এজেন্টরা পর্যাপ্ত সিগারেট বাজারে ছাড়ছেন না। তারা গোডাউনে পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে বাধ্য হয়ে খুচরা দোকানিরা বেশি দামে সিগারেট কিনছেন এবং সেই অতিরিক্ত মূল্যই ক্রেতাদের কাছ থেকে আদায় করতে হচ্ছে।

একাধিক দোকানি অভিযোগ করে বলেন, আমরা আগের দামে সিগারেট পাচ্ছি না। ডিলাররা কম দিচ্ছে, আবার বেশি দামে দিচ্ছে। না কিনে উপায় নেই, কারণ ক্রেতাদের চাহিদা তো থাকছেই।

স্থানীয় ক্রেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, অল্প সময়ের ব্যবধানে হঠাৎ দাম বৃদ্ধি অযৌক্তিক এবং এটি বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতারই প্রমাণ।

খুচরা ব্যবসায়ীরা এই পরিস্থিতির জন্য একটি শক্তিশালী সিন্ডিকেটকে দায়ী করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হলে এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এই সংকট দূর করা সম্ভব।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: