কোম্পানীগঞ্জে আবুল কালাম স্মরণে দোয়া-মিলাদ
কোম্পানীগঞ্জে আবুল কালাম স্মরণে দোয়া-মিলাদ
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মরহুমের স্মরণে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় জনকল্যাণ পরিষদের কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরণ। সঞ্চালনা করেন সংগঠনটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হেদায়েত উল্যাহ বাদল।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম মিরণ বলেন, মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ার ছিলেন একজন সৎ, নীতিবান ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি আজীবন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তার আদর্শ অনুসরণ করে জনকল্যাণ পরিষদ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে”—এই প্রতিশ্রুতি সামনে রেখে সংগঠনটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সুশাসন, নির্ভেজাল খাদ্য ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ করছে।
আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষাবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, জনকল্যাণ পরিষদ ইতোমধ্যে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে সহায়তা, অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা প্রদানসহ নানা সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

