কুষ্টিয়ায় ইউসুফ শেখ হত্যা মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার
কুষ্টিয়ায় ইউসুফ শেখ হত্যা মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার
তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ইউসুফ শেখ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই আলহাজ আলী, কনস্টেবল ইমরান, কনস্টেবল সোহেলসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে কুষ্টিয়া শহরের নূর টেইলার্স গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইউসুফ শেখ। তিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. সীমা বাদী হয়ে একই বছরের ১৮ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সানোয়ার মোল্লা ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সানোয়ার মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশের এসআই রকিব উদ্দিন জনি বলেন, “ইউসুফ শেখ হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।”
গ্রেপ্তারকৃত সানোয়ার মোল্লাকে শুক্রবার আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



