বুধবার ২৯ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জে পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

28 April, 2026 9:18:18
কিশোরগঞ্জে পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে পূর্ব শত্রুতার জেরে আশরাফুল হেকিম দিদার নামের এক (অব:) পুলিশ সদস্যকে পরিকল্পিতভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আহত আশরাফুল হেকিম দিদার উপজেলার দিগদাইড় ইউনিয়নের কল্লা দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম মিয়ার ছেলে ও করিমগঞ্জ উপজেলার বালিখলা নৌ-ঘাটে টুরিস্ট পুলিশ হিসেবে কর্মরত ছিলেন গত বছরের ১ নভেম্বর অবসরে যান তিনি।

ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রতিপক্ষের ক্রমাগত হুমকি ও ভয়ে মামলা করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের এই পরিবারের।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্ত পিয়াস, শামীম ও নুরুল ইসলামসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে দিদারের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দিদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ভয়ে এখনো থানায় মামলা করতে পারেনি পরিবারটি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে আসায় তারা ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।

কান্নাজড়িত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম বলেন,আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তারা কুপিয়ে জখম করেছে। আজ সাত দিন হয়ে গেল, কিন্তু আমরা ভয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন আবার হামলা চালায়। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার সন্তানের ওপর এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই।

আহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদার বলেন, ‘বাড়িতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম, তার ছেলে পিয়াস ও শামিমসহ প্রায় ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার পরিবারের কয়েকজন নারীকেও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করে জখম করে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার ও প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে ফোনে কথা হলে তিনি খোলা কাগজকে বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport