কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো জনপদ।
বিকেল ৫ টায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে ভক্তরা রশি টেনে সুসজ্জিত রথটি কালিহাতী হাসপাতাল রোড ও টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক অতিক্রম করে দক্ষিণ বেতডোবা এলাকার মাসীর বাড়িতে নিয়ে যান। রথের দুই পাশে ভক্তদের দীর্ঘ সারি এবং ধর্মীয় সঙ্গীতের তালে তালে এগিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা।
রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে মেলা ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ আয়োজনে অংশ নেন। অনেকেই রথের রশি টেনে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীব কুমার দত্ত মানু ও সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিক জানান, রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই ফিরতি রথযাত্রার মাধ্যমে দক্ষিণ বেতডোবার মাসীর বাড়ি থেকে রথটি পুনরায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরে আনা হবে। এর মধ্য দিয়েই এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি ও বহু বছরের ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছর এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আমেজে অনুষ্ঠিত এবারের রথযাত্রা কালিহাতীর সনাতন ধর্মাবলম্বীদের জন্য পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: