বুধবার ২২ এপ্রিল, ২০২৬

কয়রায় ছাত্রদল নেতার ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত

22 April, 2026 12:25:52
কয়রায় ছাত্রদল নেতার ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ছাত্রদলের এক নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম ইমন।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াতের রুকন গণি সরদার ও তার ছেলেদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি হাতুড়ি, রড ও লাঠি নিয়ে ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। এলাকায় কোনো হাসপাতাল না থাকায় তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবারের দাবি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পির নির্বাচনী প্রচারণা চালানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, ওই আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় এ হামলা সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলমান রয়েছে। সাম্প্রতিক এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার খুলনা জেলা প্রশাসক ও বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পির কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এদিকে, অভিযুক্ত গণি সরদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport