“উন্নয়নের নতুন দিগন্তে আলীকদম: উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুর্গম পোয়ামুহুরীতে অসহায়দের পাশে এমপি সাচিং প্রু জেরি” | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

“উন্নয়নের নতুন দিগন্তে আলীকদম: উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুর্গম পোয়ামুহুরীতে অসহায়দের পাশে এমপি সাচিং প্রু জেরি”

3 July 2026, 9:57:23

“উন্নয়নের নতুন দিগন্তে আলীকদম: উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুর্গম পোয়ামুহুরীতে অসহায়দের পাশে এমপি সাচিং প্রু জেরি”

মোঃ নুরুল ইসলাম (রাজু), জেলা প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনগণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরি। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি সাচিং প্রু জেরি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় কার্বারী, হেডম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরি পাহাড়ের সামগ্রিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পাহাড়ের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রার মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতি ও ঐক্য। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি, তবে উন্নয়নের ধারা ব্যাহত হবে।”
তিনি মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এসব অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে এমপি সাচিং প্রু জেরি দুর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিতে সরেজমিনে পরিদর্শনে যান। সেখানে তিনি আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা, সুপেয় পানি ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন।
মানবিক দিক বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে আক্রান্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী (চাল) বিতরণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন, যাতে রোগটি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং আর কোনো প্রাণহানি না ঘটে।
তিনি আরও বলেন, “পোয়ামুহুরীর মতো দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নতুন উপজেলা ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান এবং এমপির মানবিক সহায়তার প্রশংসা করেন।
উল্লেখ্য, নতুন উপজেলা কমপ্লেক্স ভবন নির্মিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ আধুনিক ও উন্নত পরিবেশে সেবা গ্রহণের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: