মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬

সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে উত্তেজনা, ইউএনও-সমাজসেবা অফিসে তালা

11 August, 2026 7:45:51
সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে উত্তেজনা, ইউএনও-সমাজসেবা অফিসে তালা

বিশেষ প্রতিনিধি:

ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে পৌঁছায়।

সেখানে বিক্ষোভকারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সেখানকার মূল ফটকেও তালা লাগিয়ে দেন।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা নিয়োগ বাতিল ও কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের ভাষ্য, ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন করা হয়নি। নিয়োগে পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যোগ্য অনেক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তাদের মতে, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক কর্মসূচি। এ কর্মসূচির উপকারভোগীদের তথ্য সংগ্রহের দায়িত্ব যাদের দেওয়া হবে, তাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রশ্ন থাকা উচিত নয়। নিয়োগে অনিয়ম থাকলে ভবিষ্যতে প্রকৃত উপকারভোগী নির্বাচন নিয়েও জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বর্তমান ফলাফল বাতিল এবং যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান। তাদের অভিযোগ, নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের আশ্রয় নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি।

তিনি বলেন, “আমার জানামতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। বরং যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। ছয়টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে এবং বোর্ডগুলোই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে।”

অভিযোগ থাকলে তা তাকে জানানোর সুযোগ ছিল উল্লেখ করে ইউএনও বলেন, “কারও কোনো অভিযোগ থাকলে তারা আমাকে জানাতে পারতেন। তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।”

তবে তার কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফটকে তালা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনও।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport