শনিবার ৪ জুলাই, ২০২৬

সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে: পীর সাহেব চরমোনাই

3 July, 2026 7:20:54
সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে: পীর সাহেব চরমোনাই

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত জীবন ও রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে।”

তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টে প্রচলিত রাজনীতির বাইরে থাকা ছাত্র-জনতা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং গুলির সামনে বুক পেতে দিয়েছে। দেশের তরুণরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছে।

গত ১ জুলাই রাতে বরিশালের চরমোনাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ নতুন সচিব পর্ষদের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই কেবল সরকার পরিবর্তন বা ক্ষমতার পালাবদলের আন্দোলন ছিল না; এটি ছিল স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণবিদ্রোহ এবং স্বৈরতন্ত্রের স্থায়ী অবসানের আন্দোলন।

তিনি আরও বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল আইনে বিদ্যমান নানা দুর্বলতার কারণে। জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল সেই আইনি সুযোগগুলোর অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে, জুলাইয়ের আত্মত্যাগের পথ ধরে গঠিত সংসদে প্রয়োজনীয় সংস্কার নিয়ে কার্যকর আলোচনা ও উদ্যোগের অভাব রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, জুলাইকে কেবল আনুষ্ঠানিকতা বা স্মরণসভায় সীমাবদ্ধ না রেখে আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের মধ্যে কোনো অনুতাপ নেই; বরং তাদের মধ্যে এখনো জুলাই আন্দোলনের প্রতি প্রতিহিংসাপরায়ণ মনোভাব বিদ্যমান। তাই ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো ধরনের শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচার প্রক্রিয়ায় স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সরকারের উদ্যোগ আরও জোরদার ও দৃশ্যমান হওয়া প্রয়োজন।

চরমোনাইয়ে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং শেখ ফজলুল করীম মারুফ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport