রবিবার ১০ মে, ২০২৬

শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আট*ক ৫

10 May, 2026 2:55:15
শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আট*ক ৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের মহিউর রহমান মশাল, বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের মমিনুল ইসলাম মোমিন, চরশ্রীপুর গ্রামের রসুল মিয়া, পাইকারতলা গ্রামের রায়হান হোসেন এবং চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের শান্ত মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে পাঁচ পরীক্ষার্থীকে তল্লাশি করা হলে তাদের শরীরে লুকানো অবস্থায় ডিজিটাল ডিভাইস ও ক্ষুদ্র এয়ারফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার চুক্তিতে তারা এসব ডিভাইস ব্যবহার করছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা (প্রশাসন ও অর্থ) জানান, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার্থীদের চাকরির প্রলোভন দেখিয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রশিক্ষণ দেয়। পরে বিশেষভাবে তৈরি পোশাক ও জুতার ভেতরে ডিভাইস লুকিয়ে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়।
তিনি আরও জানান, পুরো চক্রটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport