মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার

24 November, 2026 6:41:54
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার

মোঃ মিনারুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ গতিপথ মূলত শিশুদের সুস্বাস্থ্য, নিরাপদ বেড়ে ওঠা এবং মানসম্মত শিক্ষার ওপরই নির্ভর করছে।
​সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন বাংলাদেশ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর অধীনে ময়মনসিংহ ক্লাস্টার ‘অবহেলিত শিশুদের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করে।
​বিরিশিরি বিডি-৪০২ প্রকল্পের লোকাল সেন্টার কমিটির (এলসিসি) চেয়ারপারসন রেভারেন্ড স্টিফেন আশীষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার আরও বলেন, উন্নয়নের মূল স্রোতধারা থেকে কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, সেদিকে সবার বিশেষ দৃষ্টি রাখতে হবে। এ অঞ্চলের শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক-সামাজিক মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্যারিস্টার কায়সার কামাল।
​সভাপতির বক্তব্যে রেভারেন্ড স্টিফেন আশীষ রেমা বলেন, প্রতিটি শিশুই অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে; তাদের বিকশিত হওয়ার জন্য প্রয়োজন একটি নিরাপদ, যত্নশীল ও সহায়ক পরিবেশ। সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
​এই অনুষ্ঠানের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা ও হুইলচেয়ার এবং অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard