রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

14 November, 2026 6:21:36
লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একজনের পকেট থেকে নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার খুটামারা (কুড়াটারী) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মোঃ সিফাতজ্জামান (২৬) বাদী হয়ে লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ছয়জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে বাদীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা ও লোহার রড নিয়ে বাদীর বাড়ির সামনে পাকা সড়কে এসে পরিবারের সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন।
এ সময় বাদীর মামা মোঃ সোহেল রানা (৩৭) তাদের বাধা দিলে বিবাদীদের কয়েকজন তার ওপর লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা, ছেলা ও কালশিরা জখম হয়। অভিযোগে আরও বলা হয়, কয়েকজন তাকে মাথা ও বুকে লাথি মারেন।
এ সময় সোহেল রানার পরিহিত প্যান্টের পকেট থেকে নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এক বিবাদী সোহেল রানার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
ঘটনার সময় চিৎকার-চেঁচামেচি শুনে বাদীর ছোট ভাই মোঃ মুনিম শাহারিয়ার সোয়াদ (২৪) ও তার বন্ধু মোঃ স্বাধীন (২৪) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভবিষ্যতে সুযোগ পেলে বাদীর মামাসহ পরিবারের সদস্যদের মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহত সোহেল রানা, মুনিম শাহারিয়ার সোয়াদ ও স্বাধীনকে একটি অটোরিকশায় করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সোহেল রানার ভর্তি রেজিস্ট্রেশন নম্বর ৩০০/৬৮৮৩, সোয়াদের ৩০৩/৬৮৮৬ এবং স্বাধীনের ৩০৪/৬৮৮৭।
ঘটনার সাক্ষী হিসেবে মোছাঃ রমিছা বেগম ও মোঃ ফারুক হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযোগের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী মোঃ সিফাতজ্জামান।
তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর বিষয়ে বিবাদীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard