বৃষ্টিতেই ডুবেগেছে রসুলপুর মোড়, এ যেন সড়ক নয় কোন খালের চিত্র
বৃষ্টিতেই ডুবেগেছে রসুলপুর মোড়, এ যেন সড়ক নয় কোন খালের চিত্র
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের রসুলপুর মোড়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। খোলাহাটি ক্যান্টনমেন্ট–বদরগঞ্জ–পার্বতীপুর সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে হাঁটুসমান পানি জমে থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের চালক।
সরেজমিনে দেখা যায়, মোড়ে একটি ড্রেন থাকলেও সেটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। ভারী ট্রাক চলাচলে ড্রেনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন জমিতে মাটি ভরাট ও উঁচু করে বাড়িঘর নির্মাণের কারণে প্রাকৃতিক পানি প্রবাহের পথ সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি সড়কে জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও বৃষ্টির পানি সহজেই পাশের নিচু জমিতে নেমে যেত। কিন্তু অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে সেই পথ বন্ধ হয়ে গেছে। এখন অল্প বৃষ্টিতেই পুরো মোড় পানিতে তলিয়ে যায়।
জলাবদ্ধতার কারণে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ছে। কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং রোগীবাহী যানবাহনের যাত্রীরা।
এক ভুক্তভোগী বলেন, “বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায়। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে নির্ধারিত স্থানে জমির মালিকের আপত্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ড্রেন সংস্কার, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা এবং প্রয়োজনীয় সড়ক সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতি বর্ষায় একই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



