বিধবা ভাতা আত্মসাৎ ও চাকরির নামে ৪ লাখ টাকা দেওয়ার মিথ্যা অভিযোগ।প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রাম পুলিশের
বিধবা ভাতা আত্মসাৎ ও চাকরির নামে ৪ লাখ টাকা দেওয়ার মিথ্যা অভিযোগ।প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রাম পুলিশের

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার গ্রাম পুলিশ নবরঞ্জন বর্মন (৪৪)। একই সঙ্গে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও চাকরির ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনজনের বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ভূল্লী প্রেসক্লাব হল রুমে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে নবরঞ্জন বর্মন এসব কথা জানান। তিনি পশ্চিম শুখানপুকুরী গ্রামের মৃত রাধুরামের ছেলে।
লিখিত বক্তব্যে নবরঞ্জন বর্মন দাবি করেন, সরকারি দপ্তরের নির্দেশনা অনুযায়ী এলাকায় যেসব ব্যক্তির বিধবা ও বয়স্ক ভাতার টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছিল না, তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় কালিকাগাঁও গ্রামের তারা রানীর বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর বিধবা ভাতার টাকা জমা হচ্ছে না। এ সময় তারা রানী তাঁকে জানান, ভাতা উত্তোলনের জন্য ব্যবহৃত মোবাইল সিমটি তাঁর কাছে নেই।
নবরঞ্জনের দাবি, তিনি তারা রানীকে নতুন সিম সংগ্রহের পরামর্শ দেন এবং এ বিষয়ে সহযোগিতার জন্য আল-মামুন নামের এক ব্যক্তির মোবাইল নম্বর দিয়ে আসেন। ওই ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, তারা রানীর মোবাইল নম্বর বন্ধ থাকায় ভাতার টাকা জমা হচ্ছে না। তবে নম্বর দেওয়ার পর তারা রানী ও তাঁর পরিবারের সঙ্গে চাকরি কিংবা অর্থ লেনদেনের বিষয়ে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৬ নভেম্বর সকালে তারা রানী তাঁকে ফোন করে জানান, আল-মামুনের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা দিয়েছেন। কিন্তু চাকরি না হওয়ায় ওই টাকা ফেরত চাচ্ছেন। এ সময় টাকা ফেরত না দিলে তাঁকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা এবং চাকরি খাওয়ার মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নবরঞ্জন।
তিনি দাবি করেন, চাকরি দেওয়ার কোনো আশ্বাস তিনি দেননি এবং কারও কাছ থেকে কোনো অর্থও গ্রহণ করেননি। আল-মামুনের সঙ্গে তারা রানীর পরিবারের অর্থ লেনদেনের বিষয়ে তিনি অবগত নন বলেও উল্লেখ করেন।
এ ঘটনায় তারা রানী (৫২), তাঁর মেয়ে বিজলী (২৫) ও মো. আক্তারুল ইসলাম (৫২)-এর বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান নবরঞ্জন বর্মন। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় করার পাশাপাশি কর্মজীবনের ক্ষতি করার চেষ্টা করছেন।
নবরঞ্জন বর্মন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। বিশেষ করে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা লেনদেনের অভিযোগে আল-মামুনের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নবরঞ্জন বর্মন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: