রবিবার ৫ জুলাই, ২০২৬

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ, গুরুদাসপুরে বিক্ষোভ; হিন্দুপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

5 July, 2026 7:09:55
ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ, গুরুদাসপুরে বিক্ষোভ; হিন্দুপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

শরিফ ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনা শরিফ নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্তের গ্রামের বাড়িসহ হিন্দুপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শিমুল কর্মকার (২৬) নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফ ও মক্কা শরিফের অবয়ব বিকৃত করে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারী স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক ও ইমন রহমান বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দ্রুত শাস্তি চাই।”

অভিযুক্ত শিমুল কর্মকার পৌর শহরের গুরুদাসপুর মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর তাঁর গ্রামের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বাড়িসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড দুঃখজনক। অভিযোগের তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport