পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও কুরবানিতে বাধা প্রত্যাহার না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও কুরবানিতে বাধা প্রত্যাহার না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ
কোরবানিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, কুরবানিতে বাধা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার (১৫ মে ২০২৬) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে মুসলমানরা নিজেদের জন্মভূমিতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমবিরোধী নীতিকে উসকে দেওয়া হয়েছে। নাগরিকত্ব ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মুসলমানদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষায়, ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে এবং ধর্মীয় স্থাপনাগুলোকে সংঘাতের কেন্দ্রে পরিণত করা হয়েছে।
ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ-কে কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্বের নেতাদেরও এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ওআইসি-কে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
সভায় সঞ্চালনা করেন নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন এবং দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধাসহ মহানগর নেতারা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

