মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর ৪০ মসজিদে অনুদানের দাবির হিসাব প্রকাশের আহ্বান বদরপুর বিএনপি সভাপতির

3 November, 2026 5:18:24
পটুয়াখালীর ৪০ মসজিদে অনুদানের দাবির হিসাব প্রকাশের আহ্বান বদরপুর বিএনপি সভাপতির

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়নের ৪০টি মসজিদে চার থেকে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়ার দাবির বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান। একই সঙ্গে সরকারি অনুদান দেওয়ার কথা বলে বিভিন্ন মসজিদ থেকে ৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগের বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, তিনি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর একই রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁদের রাজনৈতিক আদর্শ ও পরিচয় অভিন্ন হলেও নেতৃত্বের প্রশ্নে মতপার্থক্য থাকতে পারে। তবে সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর, মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করে একে অপরকে হেয় করা উচিত নয়।

তিনি বলেন, সম্প্রতি একটি উঠান বৈঠকে বদরপুর ইউনিয়নের ৪০টি মসজিদে চার থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার দাবি করা হয়েছে। এ দাবির স্বচ্ছতা নিশ্চিত করতে কোন মসজিদে কত টাকা, কবে এবং কীভাবে দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তব চিত্রও তুলে ধরার আহ্বান জানান তিনি।

হাবিবুর রহমান বলেন, মসজিদে আর্থিক সহযোগিতা করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে কয়েকটি প্রতিষ্ঠানে সহযোগিতাকে ৪০টি প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার দাবি হিসেবে উপস্থাপন করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

নিজের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, টিউবওয়েল ও গোরস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের প্রকৃত তথ্য, উপকারভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফরের উদ্দেশে কয়েকটি প্রশ্ন তুলে ধরে হাবিবুর রহমান বলেন, কোন কোন মসজিদে কত টাকা অনুদান দেওয়া হয়েছে, কোন কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে এবং মাদ্রাসা, টিউবওয়েল ও গোরস্থানের উন্নয়নে কার কী ভূমিকা রয়েছে—এসব তথ্য ও প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা উচিত।

এ ছাড়া সরকারি অনুদান দেওয়ার কথা বলে বিভিন্ন মসজিদ থেকে ৪০ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রকৃত ঘটনা যাচাই করার পাশাপাশি এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানান।

নেতৃত্বের যোগ্যতা প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, শুধু বড় বড় বক্তব্য দিয়ে নেতৃত্বের যোগ্যতা প্রমাণ হয় না। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই প্রকৃত নেতৃত্বের পরিচয় পাওয়া যায়। তিনি বিএনপির রাজনৈতিক ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও বাস্তব জনসেবার ভিত্তিতে নেতৃত্ব মূল্যায়নের আহ্বান জানান।

তিনি আরও জানান, বদরপুর ইউনিয়নের সব রাস্তাঘাটের আইডি অন্তর্ভুক্ত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যক্তিগত বিরোধ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বদরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard