ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের বৃদ্ধাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের বৃদ্ধাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২

12 August 2026, 9:00:37

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছরের বৃদ্ধাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২

মোঃ ইমরান মুন্সি, ​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর হাসপাতাল চত্বর থেকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর ছেলের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে ওই বৃদ্ধাকে খাবার খাওয়ানোর কথা বলে কৌশলে ডেকে বের করা হয়। এরপর তাকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ওই দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

​পরদিন ভোরে কোনোমতে ওই নারী হাসপাতালে ফিরে আসেন এবং কান্নাকাটি শুরু করেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। পরে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বেল্লাল সিকদার ও নাসিরকে আটক করা হয়। আটক নাসির পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক এবং বেল্লাল সিকদার অটোরিকশাচালক বলে পুলিশ নিশ্চিত করেছে।

​ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, “ওই নারী হাসপাতালের কোনো ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে আমরা পুলিশকে জানিয়েছি। এছাড়া অভিযুক্তদের শনাক্ত ও অপরাধের প্রমাণ নিশ্চিত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।”

​ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, “ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

​এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে ইউসুফ বাদী হয়ে গ্রেপ্তারকৃত বেল্লাল সিকদার ও নাসিরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: