ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ
ঝালকাঠিতে শতবর্ষী গাছ কাটার ৬ মাসেও নেই আইনি ব্যবস্থা, এলাকাবাসীর ক্ষোভ
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত মার্চ মাসে গাছটি কাটার পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হলেও দীর্ঘ ছয় মাসেও এর বিরুদ্ধে কোনো কার্যকর বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কৈখালী বাজারে অবস্থিত শতবর্ষী গাছটি কেটে ফেলার পর প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র তদন্ত করা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দোকানঘরের ডিসিআর (দখলস্বত্বের রেকর্ড) বাতিল করা হয়নি। পাশাপাশি, এই ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা।
প্রশাসনের প্রাথমিক তদন্তের পর দীর্ঘদিনেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তাদের জোরালো দাবি, বিষয়টি পুনরায় গুরুত্বের সঙ্গে তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক স্কুল শিক্ষককে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে অবৈধ দখলের সুযোগ তৈরি করা ওই দোকানঘরের ডিসিআর দ্রুত বাতিলের দাবিও জানান এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই শতবর্ষী গাছটি শুধু একটি সাধারণ গাছ ছিল না; এটি এলাকার ঐতিহ্য, পরিচয় এবং সাধারণ মানুষের বহু স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িত ছিল। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়, সেজন্য স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে, সরকারি সম্পদ ও এলাকার ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



