গাইবান্ধায় সার গোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একাধিক, চাঁদা দাবির অভিযোগে মামলা প্রস্তুতি | বিডি-প্রেস 24 ডট কম

গাইবান্ধায় সার গোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একাধিক, চাঁদা দাবির অভিযোগে মামলা প্রস্তুতি

28 April 2026, 8:01:26

গাইবান্ধায় সার গোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একাধিক, চাঁদা দাবির অভিযোগে মামলা প্রস্তুতি

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার তুলসীঘাট বাফার সার গোডাউনকে কেন্দ্র করে চাঁদা দাবি ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং বিষয়টি নিয়ে থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী মোঃ নুর মোহাম্মদ প্রিন্স (৪৭) অভিযোগ করেন, তিনি বৈধভাবে সার লোড-আনলোড কার্যক্রমের দায়িত্ব পাওয়ার পর গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টার দিকে শ্রমিকদের নিয়ে গোডাউনে কাজ শুরু করতে গেলে একদল সশস্ত্র ব্যক্তি বাধা দেয়। অভিযুক্তদের মধ্যে মোঃ কামাল হোসেন, মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও বিকাশ চন্দ্র সাহার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখতে হুমকি দেয় এবং বিপুল পরিমাণ চাঁদা দাবি করে। এসময় শ্রমিকদের কাছ থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়।

হামলায় এজাজ আহমেদ ডিউক গুরুতর আহত হন এবং তার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে। এছাড়া হাফিজ আসাদ লিখন ও আরিফসহ আরও কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় জনগণ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে এবং ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি মোঃ আব্দুল আল মামুন বলেন,
ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: