মঙ্গলবার ২ জুন, ২০২৬

খানজাহান আলী মাজারের দিঘিতে ভয়াবহ ঘটনা, শিশুকে টেনে নিয়ে গেল কুমির, উদ্ধার অভিযান অব্যাহত

1 June, 2026 11:13:56
খানজাহান আলী মাজারের দিঘিতে ভয়াবহ ঘটনা, শিশুকে টেনে নিয়ে গেল কুমির, উদ্ধার অভিযান অব্যাহত

 বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক সাত বছর। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি দিঘির ঘাট এলাকায় হাত-মুখ ধোয়া অথবা গোসলের উদ্দেশ্যে পানির কাছে গিয়েছিল। এ সময় হঠাৎ একটি কুমির তাকে টেনে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিশুটির সঙ্গে তার মা ছিলেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয়রা জানিয়েছেন। এ কারণে ঘটনাটি ঘটার সময় তিনি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া প্রাথমিকভাবে আরও জানা গেছে, মা ও শিশু নিয়মিত দর্শনার্থী হিসেবে সেখানে যাননি; তারা মাজার এলাকায় অবস্থান করতেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধার বা পরবর্তী কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ৮ এপ্রিল একই দিঘি এলাকায় একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা আলোচনায় আসে। সে সময় ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport