ওয়ার্কার্স পার্টি নেতা ও প্রবীণ সাংবাদিক জালাল উদ্দীন আর নেই
ওয়ার্কার্স পার্টি নেতা ও প্রবীণ সাংবাদিক জালাল উদ্দীন আর নেই

দেওয়ান মাসুকুর রহমানঃ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি, চুনারুঘাটের প্রবীণ সাংবাদিক, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী এবং চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য কমরেড জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩০ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার গোগাউড়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে মহিউদ্দিন শাওন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেই শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান।
জানাজার নামাজ রবিবার (৩১ মে ২০২৬) সকাল ১১টায় গোগাউড়া গ্রামে হযরত কাজী খন্দকার মাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কমরেড জালাল উদ্দীন দেশের কৃষক-শ্রমিকসহ অন্যান্য মেহনতী ও সাধারণ জনগণ শ্রেণি শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির আকাঙ্খাকে বুকে নিয়ে লড়াই চালিয়ে এসেছেন। সেই প্রত্যয়ে দীর্ঘ ৫২ বছর ধরে কমিউনিস্ট রাজনীতি করেছেন। জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি স্থানীয় সাংবাদিক সমাজে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি পেশার প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কমরেড জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, “কমরেড জালাল উদ্দীন ছিলেন জনগণের রাজনীতির একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শ্রমজীবী ও মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দল একজন অভিজ্ঞ, আদর্শনিষ্ঠ ও পরীক্ষিত নেতাকে হারাল।”
কমরেড জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদানিয়ে তিনি বলেন, “কমরেড জালাল উদ্দীন ছিলেন প্রগতিশীল রাজনীতির এক নিরলস কর্মী। রাজনৈতিক ও সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।”
কমরেড জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি কমরেড সিকান্দার আলী। এছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: