কৃষিজমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগে জিয়ানগরে দুই ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
কৃষিজমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগে জিয়ানগরে দুই ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চর খোলপটুয়া এলাকায় কৃষিজমি দখল, মাটি কেটে ক্ষতিসাধন এবং গাছপালা নষ্ট করার অভিযোগে দুই ইটভাটা মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী আবু মোহাম্মদ অভিযোগ করেন, পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে কৃষিকাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় দুটি ইটভাটার মালিক ও তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে তার জমিতে প্রবেশ করে জমির সীমানা পরিবর্তন, মাটি কেটে ক্ষতিসাধন এবং বিভিন্ন গাছপালা নষ্ট করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, আরওয়ান ব্রিকস লিমিটেড-এর মালিক মামুন হাওলাদার, মাসুম, মারুফ, টুকু ও ইলিয়াসের বিরুদ্ধে প্রায় চার একর জমি এবং কিংস ব্রিকস লিমিটেড-এর মালিক আসলাম হাওলাদার, শুকুর আলী হাওলাদার, জাহাঙ্গীর হোসেন ও ফরিদের বিরুদ্ধে এক একর ১৪ শতক জমি দখল ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে গভীর গর্ত সৃষ্টি করায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জমির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(গ) ধারায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট পক্ষদের বিরুদ্ধে বন্ড মূলে আদেশ প্রদান করেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।
বাদী আবু মোহাম্মদ দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তাদের বৈধ মালিকানাধীন এবং তারা দীর্ঘদিন ধরে এর ভোগদখলে রয়েছেন।
তবে অভিযুক্ত আরওয়ান ব্রিকস লিমিটেড ও কিংস ব্রিকস লিমিটেডের মালিকদের দাবি, জমি বিক্রির জন্য অর্থ গ্রহণ করা হলেও পরবর্তীতে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। তাদের অভিযোগ, বাদীপক্ষ বর্তমানে অতিরিক্ত অর্থ দাবি করছে।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



