শনিবার ১৫ আগস্ট, ২০২৬

ইলিশের ভরা মৌসুমে কেবি বাজারে দাতিনা মাছের চমক, দাম ২ লাখ ৫৫ হাজার

13 August, 2026 11:58:23
ইলিশের ভরা মৌসুমে কেবি বাজারে দাতিনা মাছের চমক, দাম ২ লাখ ৫৫ হাজার

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

ইলিশের মৌসুমে বাগেরহাটের কেবি মৎস্য বাজারে যখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তখন গভীর সমুদ্র থেকে আসা ২২ কেজি ওজনের একটি দাতিনা মাছ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বৃহস্পতিবার মাছটি বিক্রি হয়েছে ২ লাখ ৫৫ হাজার টাকায়।

মাছটির জেলে বাগেরহাটের কচুয়া গ্রামের ইলিয়াস মাঝি। মৌসুমের শুরু থেকে সাগরে মাছ ধরলেও আশানুরূপ মাছ না পাওয়ায় তাঁর ট্রলারের জেলেরা লোকসানে ছিলেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সম্প্রতি গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলেন তাঁরা। তখনই জালে আটকা পড়ে বড় আকৃতির দাতিনা মাছটি।

মাছটি নিয়ে সারারাত ট্রলার চালিয়ে বৃহস্পতিবার সকালে কেবি মৎস্য বাজারে আসেন ইলিয়াস। খবর পেয়ে মাছটি দেখতে বাজারে ভিড় করেন স্থানীয় মানুষ ও পাইকাররা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মাছটি নিয়ে চলে আলোচনা।

পরে হাজী মিরাজের আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। আড়ত সূত্রে জানা যায়, মাছটির দর মণপ্রতি ছয় লাখ টাকা ওঠে। শেষ পর্যন্ত ২২ কেজির মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন পার্শ্ববর্তী আড়তদার হারুন মীর।

হারুন মীর জানান, মাছটির কেজিপ্রতি দাম পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। অধিক মুনাফার আশায় মাছটি চট্টগ্রামের ফিশারিজ ঘাটে পাঠানো হবে। সেখান থেকে বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, মাছটির পেটের ভেতরের ‘প্যাটা’র বাজারমূল্য বেশি। এ কারণেই চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে মাছটি কেনা হয়েছে।

ইলিয়াস মাঝি বলেন, সাগরে মাছ কম থাকায় তাঁদের ট্রলার মৌসুমের শুরু থেকেই লোকসানে রয়েছে। তবে বড় দাতিনা মাছটি ধরা পড়ায় ট্রলারের সবাই আনন্দিত।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় কেবি বাজারে এখন কিছুটা মন্দাভাব চলছে। এর মধ্যে ব্যতিক্রমী বড় দাতিনা মাছটি বাজারে আসায় ক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport