ইয়াবাসহ রাজাপুরে বিএনপি সভাপতির ছেলে ও অস্ত্রসহ হিমেল গ্রেফতার; মামলায় মাদক কমিয়ে দেখানোয় জনমনে প্রশ্ন
ইয়াবাসহ রাজাপুরে বিএনপি সভাপতির ছেলে ও অস্ত্রসহ হিমেল গ্রেফতার; মামলায় মাদক কমিয়ে দেখানোয় জনমনে প্রশ্ন
মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৬৪ পিস ইয়াবাসহ রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের সময় ৬৪ পিস ইয়াবা উদ্ধারের তথ্য জানা গেলেও মামলায় মাত্র ১০ পিস ইয়াবা উল্লেখ করা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন:
আহমিদ বিন আজাদ ওরফে আলিফ তালুকদার (২৫): তিনি উপজেলার বামনকাঠি এলাকার বাসিন্দা ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।
মিরাজুল ইসলাম (২১): তিনি পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি এর বড় সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। তার বাবা উপজেলা বিএনপির শীর্ষ পদে থাকার সুবাদে রাজনৈতিক প্রভাব ও দাপট খাটিয়ে তিনি শহরের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া বসাতেন। ভয়ে স্থানীয় কেউ এর প্রতিবাদ করার সাহস পেত না।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, শনিবার বিকেলে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা রোড এলাকা থেকে আলিফ তালুকদার ও মিরাজুল ইসলামকে মাদকসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার পর জাতীয় ‘দৈনিক আমার দেশ’ এবং স্থানীয় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে প্রথমে ৬৪ পিস ইয়াবাসহ আলিফকে আটকের খবর ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে এজাহারে মাত্র ১০ পিস ইয়াবা উদ্ধার দেখানোর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রকৃত উদ্ধারের চেয়ে মামলায় ইয়াবার পরিমাণ কমিয়ে দেখানোয় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে।
এদিকে জেলা জুড়ে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে ঝালকাঠিতে পৃথক আরেকটি অভিযান চালানো হয়েছে।
উক্ত অভিযানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের ছেলে হিমেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

