মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া দুই বছরের শিশুটি

25 August, 2026 12:41:43
আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া দুই বছরের শিশুটি

মোঃনাজমুল, মোরেলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধি: 

অবশেষে বাবার কোলে ফিরেছে বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের পাশে ফেলে যাওয়া সেই দুই বছরের শিশু। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দাদির কাছেও আশ্রয় না পাওয়া শিশুটির দায়িত্ব শেষ পর্যন্ত নিলেন তার বাবা মো. পলাশ।

সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভবিষ্যতে শিশুটির নিরাপত্তা ও যথাযথ দায়িত্ব পালনের শর্তে বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বারইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি ইটভাটার সামনে সড়কের পাশে কাঁদতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

জানা যায়, শিশুটির বাবা মো. পলাশ ও মা মিতু আক্তারের মধ্যে প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর শুক্রবার শিশুটিকে সড়কের পাশে রেখে মা চলে যান বলে স্থানীয়দের অভিযোগ। পরে দাদির কাছেও শিশুটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ ওঠে।

অসহায় শিশুটিকে নিয়ে স্থানীয়রা ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে। শিশুটির অবস্থা দেখে মানবিকতার হাত বাড়িয়ে দেন ইউএনও। নিজের কোলে তুলে নিয়ে তাৎক্ষণিকভাবে তার খাবার, পোশাক ও নিরাপত্তার ব্যবস্থা করেন তিনি।

পরে শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করে তাকে ডেকে পাঠানো হয়।

সোমবার মুচলেকা ও প্রয়োজনীয় শর্ত পূরণের পর ইউএনও মো. হাবিবুল্লাহ শিশুটিকে তার বাবার হাতে তুলে দেন।

শর্ত অনুযায়ী, শিশুটিকে প্রতি সপ্তাহে একবার ইউএনওর কার্যালয়ে নিয়ে এসে তার শারীরিক ও সার্বিক অবস্থার বিষয়ে জানাতে হবে।

মাত্র দুই বছরের শিশুটিকে ঘিরে গত কয়েক দিনের ঘটনায় নাড়া দিয়েছে স্থানীয়দের হৃদয়। যে বয়সে বাবা-মায়ের স্নেহ আর নিরাপদ আশ্রয়ে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে পাড়ি দিতে হয়েছে অনিশ্চয়তার কঠিন পথ।

তবে শেষ পর্যন্ত বাবার কাছে ফিরে পেয়ে ছোট্ট শিশুটির জীবনে ফিরেছে কিছুটা স্বস্তি।

স্থানীয়দের প্রত্যাশা—বাবা যেন সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, আর প্রশাসনের নজরদারিতে শিশুটির ভবিষ্যৎ হয়ে ওঠে নিরাপদ ও সুন্দর।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport