বুধবার ১৮ নভেম্বর, ২০২৬

অনলাইন চিকিৎসাসেবা ও ডেন্টাল ইউনিট সম্প্রসারণে বিপিডিএর নতুন পরিকল্পনা

17 November, 2026 10:11:09
অনলাইন চিকিৎসাসেবা ও ডেন্টাল ইউনিট সম্প্রসারণে বিপিডিএর নতুন পরিকল্পনা

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি:

দেশের প্রত্যন্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেন্টার ও ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা এবং দেশব্যাপী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর অ্যাসোসিয়েশন (বিপিডিএ)। প্রচলিত আইন, সরকারি নীতিমালা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) টেলিমেডিসিন গাইডলাইন-২০২০ অনুসরণ করে এ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় লালমনিরহাট শহরের ভোকেশনাল রোডে নর্থ কিং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টর অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল ইসলাম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মুরান্নবী মুবিন, ডেন্টাল সার্জন ও ইনচার্জ, বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার ও ডেন্টাল ইউনিট; ডা. শামীমা আক্তার (নিশা), ডেন্টাল সার্জন ও সহকারী ইনচার্জ; মোঃ সোহেল রানা সোহেল, বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার ও ডেন্টাল ইউনিটের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং মোঃ আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার, লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহাফুজুর রহমান মিলন। সভাপতিত্ব করেন বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্যাসিলিটেটরবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিপিডিএর উদ্যোগে প্রতিষ্ঠিত বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড স্বাস্থ্যশিক্ষা, দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং টেলিমেডিসিনভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এবং উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণসংক্রান্ত ESDP-এর আওতায় নিবন্ধিত। পাশাপাশি প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স রয়েছে বলেও জানানো হয়।

বক্তারা স্পষ্ট করেন, এসব নিবন্ধন প্রতিষ্ঠানের সাংগঠনিক ও ব্যবসায়িক পরিচিতি নিশ্চিত করলেও চিকিৎসাপ্রতিষ্ঠান, ফার্মেসি কিংবা অন্যান্য নিয়ন্ত্রিত স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক লাইসেন্স বা অনুমোদন প্রয়োজন হলে তা গ্রহণ করতে হবে।

তারা জানান, বিএমডিসির টেলিমেডিসিন গাইডলাইন-২০২০ অনুসরণ করে নিবন্ধিত চিকিৎসকদের সম্পৃক্ততার মাধ্যমে রোগীদের অনলাইন ও ভিডিও কনসালটেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে রোগীর সম্মতি, চিকিৎসকের পরিচয় ও নিবন্ধন যাচাই, রোগীর তথ্যের গোপনীয়তা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং প্রয়োজনে সরাসরি চিকিৎসার জন্য রোগীকে উপযুক্ত প্রতিষ্ঠানে রেফার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিপিডিএর পক্ষ থেকে আরও জানানো হয়, টেলিমেডিসিন সেন্টার কোনো হাসপাতাল বা স্বতন্ত্র চিকিৎসকের বিকল্প নয়; বরং রোগী ও নিবন্ধিত চিকিৎসকের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি প্রযুক্তিনির্ভর সেবা-সহায়ক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে রোগীর প্রাথমিক তথ্য সংগ্রহ, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, পরীক্ষা-নিরীক্ষা ও ফলোআপে সহযোগিতা এবং জরুরি রোগীদের উপযুক্ত হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, প্যারামেডিক্স, ডিপ্লোমা ফার্মেসি উদ্যোক্তা ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ আইনগত ও পেশাগত সীমার মধ্যে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাব-জিপি এবং জিপি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকদের সরাসরি চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বক্তারা জানান, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান এবং চিকিৎসাসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন সংশ্লিষ্ট বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক। কোনো প্রশিক্ষণ, সদস্যপদ কিংবা সনদের মাধ্যমে কেউ স্বয়ংক্রিয়ভাবে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পাবেন না।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৮সহ প্রাসঙ্গিক আইন ও সরকারি নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের ঝুঁকি কমাতে জনসচেতনতা তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়।

প্রধান অতিথি মোঃ রাকিবুল ইসলাম তুহিন বলেন, বিপিডিএ কোনো প্রচলিত আইন, সরকারি কর্তৃপক্ষ কিংবা বিএমডিসির ক্ষমতার বিকল্প হিসেবে কাজ করতে চায় না। বরং বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে নিবন্ধিত চিকিৎসকদের সম্পৃক্ত করে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বিপিডিএর টেলিমেডিসিন কার্যক্রম নিয়ে কোনো বিভ্রান্তি বা প্রশ্ন থাকলে প্রতিষ্ঠানের নিবন্ধনপত্র, অনুমোদন, চুক্তিপত্র, প্রশিক্ষণ কাঠামো, হাইকোর্টে রিট পিটিশন দাখিলের কারণ এবং কার্যক্রমের নীতিমালা সাংবাদিক, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়, নিবন্ধিত চিকিৎসকদের পেশাগত অংশগ্রহণ এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য কার্যকর, সহজলভ্য ও দায়িত্বশীল টেলিমেডিসিন সেবা নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard