হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ

2 November 2026, 10:34:40

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

দেউন্দী টি কোম্পানির অধীনস্থ পাঁচটি চা বাগানের আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। সোমবার (২ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ, রঘুনন্দন, দেউন্দী ও গিলানী চা বাগান এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করেও তাঁদের বকেয়া ও নিয়মিত মজুরি, চিকিৎসাসেবা এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, তাঁদের ন্যায্য পাওনা পরিশোধের ক্ষেত্রে মালিকপক্ষ নানা ধরনের টালবাহানা করছে। ফলে শ্রমিক ও তাঁদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের শ্রম ও অবদান অপরিসীম। অথচ স্বাধীন বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখা এবং তাঁদের জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ অবস্থায় পাঁচটি চা বাগানের শ্রমিকদের সকল বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ, পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত তাঁদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে মালিকপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ আরও জানায়, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগঠনটি তাঁদের আন্দোলনের পাশে থাকবে। প্রয়োজনে দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard