কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম

কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ

21 April 2026, 11:57:52

কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে এস‌এস‌সি পরীক্ষার্থী এক শিক্ষার্থী এডমিট কার্ড না পাওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

স্কুল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে ওই পরীক্ষার্থী এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান যথাযথভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন ও নির্ধারিত সব ফি পরিশোধ করলেও তার এডমিট কার্ড দেওয়া হয়নি। ফলে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, বিষয়টি একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো এ গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়ায় শিক্ষাজীবনের মূল্যবান এই পরীক্ষায় অংশ নেওয়াটা তার জন্য অনিশ্চয়তার সম্মূখিন হতে হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে তার মৌলিক শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে এডমিট কার্ড প্রদান নিশ্চিত করার জন্য করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান বাবুলের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি অভিযোগ পেয়েছি। তবে স্কুল কর্তৃপক্ষ ওই ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে আমাকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: