ঈশ্বরগঞ্জে আইসিটি ট্রেনিং সেন্টার নির্মাণে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে ফের শুরু কাজ | বিডি-প্রেস 24 ডট কম

ঈশ্বরগঞ্জে আইসিটি ট্রেনিং সেন্টার নির্মাণে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে ফের শুরু কাজ

28 April 2026, 7:48:01

ঈশ্বরগঞ্জে আইসিটি ট্রেনিং সেন্টার নির্মাণে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে ফের শুরু কাজ

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ১৬৩টি উপজেলায় নির্মাণ করা হচ্ছে “উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন”। এ প্রকল্পের আওতায় দেশের অধিকাংশ উপজেলায় ভবন নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও নানা বাধার কারণে দীর্ঘদিন ধরে থমকে ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আইসিটি সেন্টারের নির্মাণকাজ।
অবশেষে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের শিক্ষকদের উপস্থিতিতে পুনরায় শুরু হয়েছে বহুল প্রত্যাশিত এ নির্মাণকাজ। বিষয়টি ঘিরে শিক্ষা সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার এ প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় নির্মিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারগুলোতে শিক্ষক প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
কিন্তু ঈশ্বরগঞ্জে প্রস্তাবিত স্থানে ভবন নির্মাণকে কেন্দ্র করে একটি পক্ষ বারবার বাধা সৃষ্টি করায় কাজ বন্ধ হয়ে যায়। এতে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়ে এবং স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
রোববার প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। এ সময় উপস্থিত শিক্ষকেরা দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান এবং ভবিষ্যতে যাতে আর কোনো বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
স্থানীয় শিক্ষকদের মতে, ঈশ্বরগঞ্জে এ ধরনের একটি আধুনিক আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে উপজেলার শিক্ষকরা প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ পাবেন, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীরাও আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সুফল ভোগ করতে পারবে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সরকারি উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হওয়া দুঃখজনক। শিক্ষা উন্নয়নের স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর কাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে আইসিটি সেন্টারের নির্মাণকাজ শেষ হলে ঈশ্বরগঞ্জে ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: