শৈশবের বিদ্যালয়ে এমপি মশিউর, আবেগে চোখে জল—দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

25 August 2026, 6:14:41

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে আড়ুয়াবর্ণী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

সোমবার দুপুরে নিজের সাবেক বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফ্যানের আবেদন জানানো হলে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি মো. মেহেদী হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বক্তব্যে সংসদ সদস্য বলেন, এই বিদ্যালয়েই তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে। একসময় বিদ্যালয়টি চিতলমারী উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান এবং মডেল স্কুল হিসেবে পরিচিত ছিল। বিদ্যালয়টির সেই পুরোনো গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নিজের ছাত্রজীবনের স্মৃতি মনে করে বক্তব্য দেওয়ার সময় কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদ সদস্য। বিদ্যালয়ের ভবন, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার এবং চিতলমারী আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ইদ্রিসুর রহমান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সুধী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা আয়োজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সহসভাপতি মো. সাইদুর রহমান (সেলিম খান)। তাঁর একান্ত প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। স্থানীয়দের মতে, তিনি একজন সহজ-সরল, মানবিক ও সহযোগিতাপরায়ণ মানুষ। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যক্তিগতভাবে সহযোগিতার পাশাপাশি মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেন তিনি।

বিশেষ অতিথি মো. কামরুল ইসলামও স্থানীয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর সহযোগিতার কথা স্থানীয়ভাবে প্রচলিত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাবেক ছাত্র ও বর্তমান সংসদ সদস্যকে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আবেগঘন স্মৃতিচারণ, শিক্ষার্থীদের দাবি এবং উন্নয়নের আশ্বাসের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।