ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির বক্তব্যের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

20 August 2026, 11:45:38

মাফিকুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যসচিব ও জাতীয় পরিষদ সদস্য আব্দুল মোত্তালিব পাপ্পু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহম্মেদ।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফাতেমা রহমান বিথী, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার আহ্বায়ক আবুল খায়ের, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, কৃষকনেতা মোতাহার আলী, যুগ্ম সদস্যসচিব মেরাজ হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি শাকিরুল ইসলাম শাকি ও সাধারণ সম্পাদক রায়হান কবির সরকার।

বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কোনো উদ্যোগ স্থানীয় জনগণ মেনে নেবে না। তাঁদের দাবি, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে শুধু খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ই নয়—বসতভিটা, কৃষিজমি, পরিবেশ, জীবিকা ও স্থানীয় মানুষের ভবিষ্যৎ নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

তাঁরা আরও বলেন, ২০০৬ সালের ফুলবাড়ী আন্দোলনের সময় নিহত আমিন, সালেকিন ও তরিকুলের আত্মত্যাগের বিষয়টি উপেক্ষা করে নতুন করে উন্মুক্ত কয়লা খনির আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই সময়ের ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের মতামত ছাড়া ফুলবাড়ীতে কোনো খনি প্রকল্প গ্রহণ করা হলে এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার বিষয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে ফুলবাড়ীর জনগণের মতামত ও স্থানীয় পরিবেশ-প্রকৃতির বিষয়টি বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান বক্তারা।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।