জীবিকার সাগরযাত্রা হলো শেষযাত্রা, ট্রলারডুবিতে প্রাণ গেল জামালের
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জীবিকার তাগিদে উত্তাল সাগরে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জামাল হাওলাদারের। ট্রলারডুবির ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত জামাল হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির একজন সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল হাওলাদার ছিলেন অত্যন্ত দরিদ্র। নদীভাঙনে নিজের বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে তিনি গুচ্ছগ্রামে বসবাস করতেন। পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং স্ত্রী-সন্তানদের জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত সাগরে মাছ ধরতে যেতেন তিনি।
জামাল হাওলাদার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
হৃদয়বিদারক এ খবর পাওয়ার পর জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নিহতের বাড়িতে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এ দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় নজরুল ইসলাম নিহতের অসহায় পরিবারের জন্য দ্রুত সরকারি আর্থিক অনুদান ও সার্বিক সহায়তার দাবি জানান। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বাবু রনজিৎ কুমার বলেন, “আমি জামাল হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। আপাতত তাঁর পরিবারকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করতে দেওয়া হোক। পরবর্তীতে পরিবারের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করলে বিধি মোতাবেক সরকারি অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, জীবিকার তাগিদে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান উপকূলের হাজারো মৎস্যজীবী। দুর্ঘটনায় একজন মৎস্যজীবীর মৃত্যুতে শুধু একটি পরিবারই উপার্জনক্ষম ব্যক্তিকে হারায় না, স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়ে। তাই নিহত জামালের পরিবারের মতো অসহায় পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় মৎস্যজীবী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
