শ্রীমঙ্গলে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদ

17 August 2026, 3:53:05

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ আগস্ট ২০২৬ :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় কালাপুর বাজারে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী মো. সোনা মিয়া।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের জন্য একটি সুপরিচিত ও সুবিধাজনক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন যে, এই কেন্দ্রটি পরিবর্তন করে উত্তর কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের জন্য পৃথক কেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ কেন্দ্র পরিবর্তন করা হলে সাধারণ ভোটারদের, বিশেষ করে প্রবীণ, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হবে। পূর্বের স্থানটিতে দীর্ঘদিন ধরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে আসছে, তাই এটি পরিবর্তন না করে পূর্বের স্থানটিই বহাল রাখা সবদিক থেকে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মো. মনর মিয়া, মোঃ সুন্দর মিয়া, জমসেদুর রহমান, মোহাম্মদ রাসেল আহমেদ, মানিক মিয়া, মো. রোমান মিয়া, মো. শামিম মিয়া, মো. আলাল মিয়া সহ ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারগণ।

সভা শেষে এলাকাবাসী শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত আবেদন পেশের সিদ্ধান্তের কথা জানান এবং বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক পূর্বের কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।