ঈদগাঁওয়ে এসএসসি-দাখিলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

13 August 2026, 11:00:21

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে বুধবার (১২ আগস্ট) পাবলিক লাইব্রেরী হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জন এ সংবর্ধনা গ্রহণ করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের গর্বিত অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেলের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী। প্রধান বক্তা ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও আধুনিক হাসপাতালের এমডি ছলিম উল্লাহ জিহাদী, খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব উদ্দিন , অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবী তরুণরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। কঠোর অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তারা।
এছাড়াও বক্তব্য রাখেন মাস্টার নুরুল আমিন হেলালী ও ঈদগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থীদের অনুভূতি
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত এবং পালাকাটা ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আব্দুর রহমান।
তারা নিজেদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদকর্মী আতিকুর রহমান মানিক ও আজিজুর রহমান রাজু।
সবশেষে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।