ফ্যামিলি কার্ডের নিয়োগ ফল বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

12 August 2026, 1:11:07

গাইবান্ধা প্রতিনিধি: 

‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল সোমবার বিকেলে প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নিয়োগপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োগে বঞ্চিত ব্যক্তিরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন।

পরে তারা ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভের একপর্যায়ে কার্যালয়ের জানালা, বারান্দায় থাকা চেয়ার ও ফুলের টব ভাঙচুর করা হয়।

খবর পেয়ে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর সাড়ে ১টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত ফলাফলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে বলে তিনি দাবি করেন। এ কারণে দলীয় নেতাকর্মী ও নিয়োগবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

জয়নাল মিয়া অবিলম্বে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।’

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।