গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাগেরহাটে বিএনপির সমাবেশ, ঐক্যের আহ্বান
বাগেরহাট জেলা প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বাগেরহাট জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বুধবার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এ সময় এম এ সালাম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, কামরুজ্জামান শিমুল, জাহিদুল ইসলাম শান্ত, আসাফউদ্দৌলা জুয়েল, গোলাম রসূল তরফদার নেওয়াজ, সাহিদা আক্তার, নার্গিস আক্তার ইভা, নার্গিস আক্তার লুনা, আতিকুর রহমান রাসেল, নিয়ামুল কবির রাহুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হয়েছেন। তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দলীয় কোন্দল ও বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। একই দিনে জেলা ছাত্রদলের উদ্যোগে বাগেরহাট শহরে একটি বড় র্যালি বের করা হয়। এছাড়া জেলার সবকটি উপজেলা এবং তিনটি পৌরসভায় পৃথকভাবে স্মরণসভা ও আলোচনা কর্মসূচি পালন করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
