চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, সিভিল সার্জন কার্যালয় (স্বাস্থ্য বিভাগ), ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিজিবিসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। একই সঙ্গে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, এক্সিম ব্যাংক কৃষি বিদ্যালয়ের উপাচার্য, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জুলাই শহীদের পিতা মো. আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো. ইউসুফ গালিব, ছাত্রদলের জেলা সভাপতি মীম ফজলে আজিম, এনসিপির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
