হাবিপ্রবির প্রো-ভিসি হলেন ফুলবাড়ীর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

29 July 2026, 12:56:28

মাফিকুল ইসলাম, (দিনাজপুর), প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত—যেটি আগে হবে—তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী অর্পিত ক্ষমতা প্রয়োগের পাশাপাশি তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. মো. নওশের ওয়ান দীর্ঘদিন ধরে হাবিপ্রবিতে শিক্ষকতা করছেন। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামে। তাঁর নিয়োগের খবরে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং এ নিয়োগকে ফুলবাড়ীর জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।