বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব আর নেই, ওয়ার্কার্স পার্টির শোক
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ জুলাই ২০২৬ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট পশু-পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমী শীতেশ রঞ্জন দেব আর নেই।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শ্রীমঙ্গল পলি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার পুত্রবধূ, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শীতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে আহত, অসুস্থ ও মানুষের হাতে ধরা পড়া হাজার হাজার বন্যপ্রাণী উদ্ধার করে তাদের চিকিৎসা শেষে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেছেন। নিজের হাতে অসংখ্য অসুস্থ পশু-পাখির সেবা-শুশ্রূষা করেছেন। পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে তিনি প্রকৃতিপ্রেমী হিসেবে সর্বমহলে বিশেষ পরিচিতি লাভ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট পশু-পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমী শীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, শীতেশ রঞ্জন দেব শুধু একজন বন্যপ্রাণীপ্রেমীই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতি সংরক্ষণের এক নিবেদিতপ্রাণ যোদ্ধা। তাঁর মৃত্যু দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ দেশের পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর এই মৃত্যুতে বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
