ঠাকুরগাঁওয়ে মরণফাঁদে পরিণত চাঁন পাড়ার প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের চাঁন পাড়া এলাকার প্রধান সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার পিচ-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বর্তমানে এই রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা চলাচলের পরিবেশকে আরও দুর্বিষহ করে তোলে। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। ভাঙাচোরা এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াতের সময় ভ্যান, রিকশা ও মোটরসাইকেল আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, “রাস্তাটি এখন মরণফাঁদ। গর্ভবতী নারী, অসুস্থ রোগী এবং কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত করাই দায় হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার না করা হলে অদূর ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
দুর্ভোগ নিরসনে এলাকাবাসী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
