অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ, গণমানুষের অধিকার এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে “কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ” এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় সম্মাননা প্রদান উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু’র পক্ষে পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মো. আলামিন শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এর আগে বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, সৈয়দ ছায়েদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, নূর মোহাম্মদ সাগর প্রমূখ।
কমরেড সৈয়দ আমিরুজ্জামান তাঁর বক্তৃতায় বলেন, “এটি শুধু একটি সম্মাননা গ্রহণের অনুষ্ঠান নয়; বরং শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের সম্মিলিত অর্জনের একটি গৌরবময় স্বীকৃতি।” তিনি আরও বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ বলেন, এ সম্মাননা প্রদান করায় চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুকে ধন্যবাদ দিতে হয়। এ অর্জন আমাদের সম্মিলিত, এর জন্য আমরা গর্বিত।
সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, আমরা স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে করতে পারি না। চায়ের জনপদ পত্রিকার সম্পাদক তা করিয়ে দেখিয়েছে, এইজন্য তাকেও অভিনন্দন।
মামুন আহমেদ বলেন, সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এহসান বিন মুজাহির বলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান করেছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
নূর মোহাম্মদ সাগর বলেন, চায়ের জনপদ পত্রিকাটি এলাকার ও জনগণের সমস্যা নিয়ে কথা বলে, তাই ভালো লাগে।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য আব্দুর রব, শাসমুল ইসলাম শামীম, মুসলিম চৌধুরী, সংবাদকর্মী সাইফুর রহমান শিপু ও সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন বলেন, সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চায়ের জনপদ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু বিদেশে থেকেও যে কাজ করে চলেছে, এরজন্য আমরাও অনুপ্রাণিত। ক্লাব সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদেরকে নীতি-নৈতিকতার ভিত্তিতে এলাকার ও জনগণের সমস্যা সম্ভাবনা নিয়ে আরও কাজ করতে হবে। আমাদের দায়িত্ব বেড়ে গেলো।
বক্তারা আরও বলেন, এক সময়ের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ পাপ্পু দেশে থাকতে একজন সক্রিয় সংবাদকর্মী ছিলেন। সূদুর প্রবাসে থেকেও সংবাদিকাতা পেশায় অবদান রাখছে। তার পোর্টালে শ্রীমঙ্গলের বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে চলে আসে। এতে পাঠকরা সর্বাগ্রে সমসাময়িক বিষয়াবলি জানতে পারেন। এ ক্রেস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিজন সদস্যদের অনুপ্রেরণা হয়ে থাকবে। ক্রেস্ট প্রদানের জন্য এসময় চায়ের জনপদ এর পরিবারবর্গকে প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান বক্তারা।
সাপ্তাহিক চায়ের জনপদ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার পক্ষ থেকে প্রেসক্লাবের সদস্যদের সম্মানে আপ্যায়ন করা হয়।
এদিকে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আগামী রোববার (১২ জুলাই) সকালে পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন। এ কারণে শুক্রবারের অনুষ্ঠানটি তাঁর জন্য সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায় ও শুভকামনা বিনিময়েরও একটি উপলক্ষ হয়ে উঠে।
তিনি প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করায় এবং বিদায় মুহূর্তে তাঁর জন্য দোয়া করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
