সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না: জাতীয় প্রেসক্লাব সম্পাদক আইয়ুব ভূঁইয়া

11 July 2026, 3:56:40

পরশুরাম প্রতিনিধি:

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। মানুষের জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

শুক্রবার বিকালে পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইয়ুব ভূঁইয়া আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। আগে আমাদের নিজেদের সঠিক প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, ভারতকে আমরা দোষারোপ করি। কিন্তু বাস্তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কিনা, সেটি নিয়েও প্রশ্ন আছে।

পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিম, পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, সহ-সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক মো: ইব্রাহিম, সদস্য ইয়াকুব নবী রিয়াজ, সাইফুল ইসলাম, এমএ করিম, সুজন, সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যরা সম্মাননা স্মারক তুলে দেন।

ছবির ক্যাপশন:
পরশুরাম প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।