চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখের দাফন সম্পন্ন
চিতলমারি প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ সম্মান জানানো হয়। বিকেল ৩টার দিকে চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। দিনভর বৃষ্টির মধ্যেও সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক আবু তালেব শেখ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
গার্ড অব অনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরহুমের কফিনে জাতীয় পতাকা অর্পণ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি রাষ্ট্রের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই তাঁদের শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান জানানো জাতির কৃতজ্ঞতার প্রতীক।
সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
