শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় বসার সুযোগ পেলেন লালপুরের ৮ এইচএসসি পরীক্ষার্থী, অভিযুক্ত গ্রেপ্তার
শরিফ ইসলামম নাটোর জেলা প্রতিনিধিঃ
শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র না পাওয়ায় তারা প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অর্থ গ্রহণ করলেও তা যথাযথভাবে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় গত বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে তারা অংশ নিতে ব্যর্থ হন।
মন্ত্রীর নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড দ্রুত ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করে। ফলে আগামীকাল থেকে ওই ৮ শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ঘটনার পর শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা এক শিক্ষার্থীর বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার ফরম পূরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে এবং তিনিও আগামীকাল থেকে নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
