গুরুদাসপুরে মাটি ভরাটের অভাবে ভবন নির্মাণ বন্ধ, একটি কক্ষেই ৫০ শিক্ষার্থীর পাঠদান

29 June 2026, 12:58:09

শরিফ ইসলাম নাটোর, জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ নম্বর নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর জামিউল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় পর্যাপ্ত নিজস্ব জমি থাকা সত্ত্বেও মাটি ভরাটের অভাবে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে একটি মাত্র শ্রেণিকক্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠ গ্রহণ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক রয়েছেন। কিন্তু নিচু জমি ভরাট না হওয়ায় নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে না। বাধ্য হয়ে একটি কক্ষেই সব শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে মাদ্রাসায় যাতায়াতের একমাত্র প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের দুটি কালভার্ট রাস্তার তুলনায় অনেক উঁচু হওয়ায় যানবাহন চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বলেন, “আমাদের নিজস্ব জায়গা রয়েছে। কিন্তু মাটি ভরাট না থাকায় সেখানে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। বাধ্য হয়ে একটি কক্ষেই প্রায় ৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, মাটি ভরাটের ব্যবস্থা করে দিলে আমরা নতুন ভবন নির্মাণ করতে পারব। এতে শিক্ষার্থীরা সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, মাদ্রাসার নির্ধারিত স্থানে দ্রুত মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ এবং সড়কের দুটি কালভার্টের উভয় পাশে মাটি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করা হোক। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।