বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা উপহার কর্মসূচির উদ্বোধন

26 June 2026, 2:19:05

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা উপহার কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বিএমএইচএফ)।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাজধানীর বনানীতে অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকারের অন্যতম অংশ। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের ফলে মানবজীবন নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেলসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাওহিদ ইসলাম, সুজন মিয়া, মাশরুর হাসান রাজ, তাইজুল ইসলাম শামীম, জাহিদুল ইসলাম, আকিব হোসেন, হারুনুর রশিদ ও শামীম ইসলাম বক্তব্য রাখেন এবং কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা শাখার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মো. রাহুল ইসলাম রুবেল, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং গাইবান্ধা জেলা কমিটির কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান উল্লেখযোগ্য।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ, স্বাস্থ্যকর ও মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।